বিএনপির বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভীতিকর পরিস্থিতি সৃষ্টির অভিযোগ তুলেছেন ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের জিএস প্রার্থী এস এম ফরহাদ। তার অভিযোগ, ক্যাম্পাসের চারপাশে নয়টি স্থানে যুবদল ও বিএনপির নেতাকর্মীরা পাহারা দিচ্ছেন।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
এর আগে আরেক সংবাদ সম্মেলনে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করে বলেন, ক্যাম্পাসের চারপাশে অবস্থান নিয়েছেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা জামায়ত ও শিবিরের নেতাকর্মীরা। এমনকি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ থাকলেও দেশের বিভিন্ন স্থানের জামায়াত নেতাদের ক্যাম্পাসে দেখেছেন বলে জানিয়েছিলেন তিনি।
ছাত্রদল নেতার এই অভিযোগের জবাবে এস এম ফরহাদ বলেন, ‘আজকে নাটক মঞ্চস্থ হতে দেখলাম। অভিযোগ করা হচ্ছে, বাইরের লোকজন নাকি আমাদেরকে পাহারা দিচ্ছে। আমাদের পাহারার দরকার হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদেরকে পছন্দ করে। আমাদের শিক্ষার্থীরা যেভাবে মতামত দেবে, আমরা গ্রহণ করব।’
তিনি বলেন, ‘আপনারা দেখেছেন, সারাদেশ থেকে লোকজন জড়ো করে ক্যাম্পাসে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসব হুমকি-ধামকিকে ভয় পায় না। এটা খুবই দুঃখজনক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আহ্বান জানাব, যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকতে।’
নির্বাচন বানচালের চেষ্টা হচ্ছে অভিযোগ করে শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম বলেন, ‘যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে তাদের পরিণতি খুনি হাসিনা এবং ছাত্রলীগের চাইতে খারাপ পরিণতি হবে।’
তিনি বলেন, ‘আজকে আমরা যখন উৎসব মুখর পরিবেশে নির্বাচন করছি। তখন কেউ কেউ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে। যারা নির্বাচন বানচাল করতে চান, তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে।’
শিবির সমর্থিত এই প্রার্থীরাও বিভিন্ন কেন্দ্র থেকে পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ করেন।


