কুষ্টিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ট্রাকের হেলপার মনির হোসেন (২১) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।
মঙ্গলবার সকালে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের দশ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনির হোসেন বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার সুরুজ আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের দশ মাইল এলাকায় পৌঁছালে ট্রাকটির সামনের চাকা হঠাৎ ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি বিপরীত দিক থেকে আসা কুষ্টিয়াগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাকের হেলপার মনির হোসেন মারা যান।
এ ঘটনায় আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের চিকিৎসা চলছে।
কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


