বিয়ে না করায় প্রেমিকার ছুরিকাঘাতে সাইয়েদ আবদুল্লাহ সিয়াম (২১) নামের এক তরুণ নিহত হয়েছেন। সোমবার ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। সিয়াম ওই গ্রামের এনামুল হকের ছেলে।
পুলিশ প্রেমিকা নাইমা জাহান ও নিহতের বন্ধু আরিয়ান খান মাহিদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক সামছুল আরেফিন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অভিযুক্ত নাইমা জাহান জানান, তিনি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার প্রয়াত জলিল মৃধার মেয়ে। তার সঙ্গে চৌদ্দগ্রাম পৌর এলাকার সাইয়েদ আবদুল্লাহ সিয়ামের মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরমধ্যে তারা একাধিকবার ঢাকায় দেখা করেন।
এক পর্যায়ে নাইমা গর্ভধারণ করলে জোরপূর্বক তার তিন মাসের ভ্রুণ নষ্ট করেন সিয়াম। নাইমা বিয়ের জন্য চাপ দিলে সিয়াম টালবাহানা করতে থাকেন। এরমধ্যে নাইমাকে বিশ হাজার টাকা নিয়ে লক্ষ্মীপুর গ্রামের বাড়িতে আসার জন্য চাপ দেন সিয়াম। টাকা জোগাড় করতে না পারলেও সিয়ামের কথা রাখতে নাইমা রোববার রাতে লক্ষ্মীপুর গ্রামে সিয়ামের পুরাতন বাড়িতে আসেন।
সেখানে একটি কক্ষে সিয়াম, নাইমা জাহান ও সিয়ামের বন্ধু পার্শ্ববর্তী বাতিসা ইউনিয়নের চাঁন্দকরা গ্রামের আরিয়ান রাত্রিযাপন করেন। ভোরে সাইয়েদ আবদুল্লাহ সিয়াম নাইমাকে বাসা থেকে চলে যেতে বলেন, যেন কেউ বিষয়টি টের না পায়।
এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ঘরে থাকা ছুরি দিয়ে সিয়ামের পেটে আঘাত করেন নাইমা। এ সময় সেখানে সিয়ামের বন্ধু আরিয়ান উপস্থিত ছিলেন। সিয়ামের চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে নাইমা জাহান ও বন্ধু আরিয়ানকে আটক করে পুলিশে খবর দেন।


