ঢাকার কারওয়ান বাজারে বাসের ধাক্কায় এক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের সঙ্গে থাকা ড্রাইভিং লাইসেন্স থেকে জানা যায়, তার নাম মামুন ফরাজি। তিনি ভোলা চরফ্যাশনের বাসিন্দা। তার বাবার নাম সেকান্দার ফরাজি। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হিরাঝিল এলাকায় থাকছিলেন।
দুর্ঘটনার পর মামুনকে মুমূর্ষু অবস্থায় পথচারীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক বেলা সোয়া ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
পথচারী কাজী ফয়সাল জানান, কারওয়ান বাজার পূর্ব তেজতুরি বাজারের গেটের সামনে লাব্বাইক পরিবহনের একটি বাস সিএনজি অটোরিকশাটিকে ধাক্কা দেয়৷ এতে ওই সিএনজির চালক গুরুতর আহত হন। স্থানীয়দের মাধ্যমে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পরিক্ষা-নিরীক্ষা করে ওই চালককে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। লাব্বাইক গাড়ির ড্রাইভার পলাতক রয়েছে।


