আয়োজনের মাত্র এক সপ্তাহ আগে বাতিল করা হয়েছে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার নানাইমো ড্রাগন বোট ফেস্টিভ্যাল। জনপ্রিয় এই প্রতিযোগিতাটি আগামী ১১ ও ১২ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
আয়োজকরা জানিয়েছেন, স্থানীয় দলের অংশগ্রহণ আশানুরূপ না হওয়ায় এবারের আসর আয়োজন করা সম্ভব হয়নি। গত চার বছরের মধ্যে এটি দ্বিতীয়বার, যখন নানাইমোতে এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে না। এর আগে, ২০২৪ সালের আসর নানাইমো থেকে সরিয়ে ভিক্টোরিয়ায় আয়োজন করা হয়েছিল।
উৎসবের অন্যতম আয়োজক এবং নানাইমো প্যাডলিং সেন্টারের সভাপতি হলি ওয়াইলি জানান, মূল ভূখণ্ড, আলবার্টা এবং যুক্তরাষ্ট্র থেকে কয়েকটি দল অংশ নেওয়ার আগ্রহ দেখালেও স্থানীয় দলের সংখ্যা ছিল খুবই কম।
তার ভাষ্য, বিভিন্ন ড্রাগন বোট উৎসবের সূচিতে পরিবর্তন আসায় একাধিক প্রতিযোগিতা খুব অল্প সময়ের ব্যবধানে অনুষ্ঠিত হচ্ছে। ফলে সীমিত বাজেটের কারণে অনেক দলকে বেছে নিতে হয়েছে কোন প্রতিযোগিতায় অংশ নেবে।
ওয়াইলি বলেন, ‘এ সিদ্ধান্ত নিতে আমাদের খুব কষ্ট হয়েছে। বর্তমান জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে দলগুলোকে খরচ বিবেচনা করে প্রতিযোগিতা বেছে নিতে হচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে নানাইমোর উৎসবটি এবার সেই তালিকা থেকে বাদ পড়েছে।’
এই সিদ্ধান্তে তিনি ব্যক্তিগতভাবে অত্যন্ত হতাশ হয়েছেন বলে জানান। তবে, ভবিষ্যতে স্থানীয় দলগুলোর অংশগ্রহণ বাড়িয়ে উৎসবটি আবারও সফলভাবে ফিরিয়ে আনারও আশা প্রকাশ করেন তিনি।


