কয়েকজনের পদত্যাগে জাতীয় নাগরিক পার্টির(এনসিপি) ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন দলের সদস্য সচিব আখতার হোসেন। তার দাবি: দলে যা কিছু ঘটছে, তা সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতেই হচ্ছে।
রোববার ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
প্রসঙ্গত, সংসদ নির্বাচনে জামায়াতের সঙ্গে আসন সমঝোতা নিয়ে ডা. তাসনিম জারা, তাজনূভা জাবীনসহ বেশ কয়েকজন নেতা এনসিপি থেকে পদত্যাগ করেছেন। এছাড়া এই সমঝোতার বিরোধিতা করে দলের আহ্বায়কের কাছে চিঠি দিয়েছেন ৩০ জন নেতা।
জামায়াতে ইসলামীর সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আখতার হোসেন বলেন, জামায়াতের সঙ্গে আসন সমঝোতা বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে এ নিয়ে আলোচনা চলছে। তিনি আরও জানান, জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে জামায়াতের সঙ্গে অনেক বিষয়ে এরই মধ্যে সমঝোতা হয়েছে। তবে আসন নিয়ে আলোচনা এখনো শেষ পর্যায়ে পৌঁছায়নি।
আদালত ও জামিন
সকালে আখতার হোসেন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত দুটি মামলায় তাঁর জামিন মঞ্জুর করেন।
আখতার হোসেনের আইনজীবী আব্দুল্লাহ আল ফারুক জামিনের বিষয়টি নিশ্চিত করে জানান, বিগত সরকারের আমলে শাহবাগ থানায় করা দুটি ভিন্ন মামলায় এই জামিন শুনানি অনুষ্ঠিত হয়। আদালত সব দিক বিবেচনা করে তাঁর জামিন আদেশ দিয়েছেন।


