ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৬ (এনডিসি)-এর প্রশিক্ষণার্থী সদস্যরা তাদের পেশাগত প্রশিক্ষণের অংশ হিসেবে সুপ্রিম কোর্ট পরিদর্শন করেছেন।
এ উপলক্ষে সোমবার সকালে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ অভিভাষণ প্রদান করেন বাংলাদেশের প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
প্রধান বিচারপতি তার বক্তব্যে বাংলাদেশের বিচারব্যবস্থার সামগ্রিক কাঠামো, বিচার বিভাগের স্বাধীনতা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারত্বের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের অনবদ্য ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
এবারের ন্যাশনাল ডিফেন্স কোর্সে বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, শ্রীলঙ্কা, চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, নাইজেরিয়া, তাঞ্জানিয়া ও জাম্বিয়াসহ বিভিন্ন দেশের সামরিক ও বেসামরিক পর্যায়ের মোট ১৪৮ জন প্রতিনিধি অংশগ্রহণ করছেন।
পরিদর্শনকারী এই প্রতিনিধিদলে ১০৫ জন কোর্স মেম্বার এবং ৪৩ জন ফ্যাকাল্টি মেম্বার ও সংশ্লিষ্ট কর্মকর্তা অন্তর্ভুক্ত ছিলেন। এই পরিদর্শনের মাধ্যমে অংশগ্রহণকারীরা বাংলাদেশের বিচারিক কাঠামো, কার্যপ্রণালি এবং বর্তমানে চলমান বিভিন্ন সংস্কার কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ও সম্যক ধারণা লাভ করেন।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সদস্যরা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং বিভিন্ন বেঞ্চে চলমান বিচারিক কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করেন।
এর মাধ্যমে তারা বাংলাদেশের উচ্চ আদালতের বিচারিক পদ্ধতি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান। অনুষ্ঠানে সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


