ডিজিটাল প্ল্যাটফর্মের অপব্যবহার রোধে সন্ত্রাস বা সহিংসতায় উসকানিমূলক সামাজিক যোগাযোগমাধ্যম কনটেন্ট হোয়াটসঅ্যাপ ও ইমেইলের মাধ্যমে সরাসরি রিপোর্ট করার আহ্বান জানিয়েছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ)।
শনিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, প্রাপ্ত অভিযোগগুলো প্রাথমিক যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে রিপোর্ট করার জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে পাঠানো হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকার সরাসরি কোনো সামাজিক যোগাযোগমাধ্যম ডাউন করার ক্ষমতা রাখে না। যৌক্তিক কারণ দেখিয়ে কেবল সহিংসতাসংক্রান্ত কনটেন্ট সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের কাছে রিপোর্ট করা যায়।
জাতীয় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী, সহিংসতায় সরাসরি উসকানি দেয় বা সহিংসতার ডাক দেয়, এমন হেট স্পিচ দণ্ডনীয় অপরাধ বলে উল্লেখ করেছে সংস্থাটি।
জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি নাগরিকদের সহিংসতা উসকে দিতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার থেকে বিরত থাকার পাশাপাশি দেশের নিরাপত্তা এবং মানুষের জীবন ও সম্পদের সুরক্ষায় সচেতন থাকার আহ্বান জানিয়েছে।
এ ছাড়া ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটার ব্যবস্থাপনার কাছেও চিঠি পাঠিয়েছে এনসিএসএ।
চিঠিতে সহিংসতায় উসকানি দেয়, আসন্ন জাতীয় নির্বাচন ব্যাহত করে বা গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর হামলা উৎসাহিত করে–এমন বাংলাদেশসংক্রান্ত ফেসবুক কনটেন্ট দ্রুত ফিল্টার করতে আরও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।


