ঢাকার উত্তরা আজমপুর এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় ইউসুফ হোসেন (৩২) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আজমপুর বিএনএস ফ্লাইওভারের নিচে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে এলে ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ইউসুফের বোন জামাই সাইদুল ইসলাম জানান, তাদের বাড়ি ময়মনসিংহের গৌরিপুর উপজেলার নোয়াপাড়া গ্রামে। ইউসুফ হোসেনের বাবার নাম হারুন মিয়া। তিনি আজমপুর দেওয়ান বাড়ি এলাকায় পরিবার নিয়ে থাকতেন। উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় মাছের ব্যবসা করতেন তিনি।
ইউসুফ আরও জানান, রাতে আজমপুর বিএনএস ফ্লাইওভারের নিচে রাস্তা পার হচ্ছিলেন ইউসুফ। এ সময় দ্রুতগামী একটি প্রাইভেট কার তাকে ধাক্কা দিয়ে চলে যায়। খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় ইউসুফকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।


