উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার সন্দেহে রাজধানী থেকে গ্রেপ্তারের পর ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে। তারা হলেন শাহ আমানত সাবির, মো. হোসাইন তানিম, মো. জুনায়েদ, আতাউল্লাহ শাহ, মো. আবিদুর রহমান, মো. বায়োজিত।
তাদের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ আছে, সে বিষয়ে পুলিশ কর্মকর্তারা মুখ খুলছেন না। তবে আদালতে রিমান্ড আবেদনে ‘উগ্রবাদী সংগঠনের’ কিছু ব্যক্তি তাদের কার্যক্রম পরিচালনার জন্য ‘প্রশিক্ষণ নিতে’ জড়ো হওয়ার কথা লেখা হয়।
রোববার রাজধানীর যাত্রাবাড়ীর ‘মিনি কক্সবাজার আমিন মোহাম্মদ গ্রুপ’ এর পাশে বালুর মাঠ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়।
এই ধারা অনুযায়ী, আদালতের পরোয়ানা বা আদেশ ছাড়াই পুলিশ কোনো ব্যক্তিকে সুনির্দিষ্ট সন্দেহের ভিত্তিতে গ্রেপ্তার করতে পারে।
যাত্রাবাড়ী থানার ওসি রাজু আহমেদ বলেন, ‘তাদেরকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা কোন উগ্রবাদী সংগঠনের সদস্য তা নিশ্চিত হতে গোয়েন্দা কার্যক্রম চলছে।’তবে তারা উগ্রবাদী সংগঠন সাতাহ কমব্যাট’র সদস্য বলে জানা গেছে।
যাত্রাবাড়ী থানার পরিদর্শক এ বি সিদ্দিক আসামিদের আদালতে হাজির করে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, যাত্রাবাড়ীর কোনাপাড়ার ‘মিনি কক্সবাজার’ এলাকায় আমিন মোহাম্মদ গ্রুপের জমির পাশে বালুর মাঠে ‘উগ্রবাদী সংগঠনের’ কিছু ব্যক্তি তাদের কার্যক্রম পরিচালনার জন্য ‘প্রশিক্ষণ নিতে’ জড়ো হয়েছে। পুলিশ ভোর সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলে গেলে আসামিরা পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে।’
পুলিশ বলছে, জিজ্ঞাসাবাদে আসামিরা ওই স্থানে কী কারণে জড়ো হয়েছিল তার কোনো সদুত্তর দিতে পারেনি।
এই ছয় জনকে আদালতে তোলা ও নিয়ে যাওয়ার সময় কড়া নিরাপত্তার আয়োজন করা হয়। তোলা ও শুনানি শেষে নিয়ে যাওয়া হয়।


