মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন ও প্রতিমন্ত্রী ফারজানা শারমীনের সঙ্গে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় মন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারে নারী ও শিশুদের নিয়ে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে গতানুগতিক ধারার বাইরে গিয়ে কাজ করতে হবে।
তিনি বলেন, চলমান নীতিমালাগুলোতে প্রয়োজন হলে পরিবর্তন আনা হতে পারে এবং সবকিছু নির্ভর করবে সরকারের বাজেট ও কার্যক্রম বাস্তবায়নে মন্ত্রণালয়ের সক্ষমতার ওপর।
মন্ত্রী আরও বলেন, জনগণের ম্যান্ডেট বাস্তবায়নে টিমওয়ার্কের মাধ্যমে মন্ত্রণালয়কে এগিয়ে নিতে হবে। তিনি ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরকে আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাব গড়ে তোলার উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন এবং এ ক্ষেত্রে সরকারের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
সভায় প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেন, দেশের দুই-তৃতীয়াংশ জনগোষ্ঠীর উন্নয়নে কার্যকর পরিকল্পনা গ্রহণ জরুরি। উন্নয়ন প্রকল্প যেন কাগজে-কলমে সীমাবদ্ধ না থাকে, বরং বাস্তবে মানুষের কাজে লাগে-এভাবে তা বাস্তবায়ন করতে হবে।
ফারজানা শারমীন বলেন, সীমিত সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করে নারী ও শিশুর ভবিষ্যৎ গড়ে তুলতে পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে।
তিনি আরও বলেন, সম্পদের অপচয় রোধ করে মানুষের প্রকৃত সমস্যা চিহ্নিত করে সমাধান নিশ্চিতের মাধ্যমে আস্থা অর্জন করতে হবে।
মন্ত্রণালয়ের সার্বিক উন্নয়নে একসঙ্গে অনেক কাজ না নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে কয়েকটি কাজ সফলভাবে বাস্তবায়ন করাই হবে প্রকৃত সাফল্য বলেও উল্লেখ করেন তিনি।
সভায় মহিলা ও শিশু বিষয়ক সিনিয়র সচিব মমতাজ আহমেদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং অধীন দপ্তর ও সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন। এ সময় মন্ত্রণালয়ের কার্যক্রম ও চলমান উন্নয়ন প্রকল্পসমূহ নিয়ে একটি তথ্যচিত্র উপস্থাপন করা হয়।


