ইপিজেডে শ্রমিকদের ইউনিয়ন করার অধিকার কার্যকরের দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম। সম্প্রতি নীলফামারী জেলার প্রথম সম্মেলনে এ দাবি করা হয়েছে। শনিবার এক সংবাদ কিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের সভাপতি এবং গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু।
বিশেষ অতিথির হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় নেতা খোরশেদ আলম। সম্মেলন শ্রমিকদের দাবি দাওয়া উত্থাপন করে বক্তব্য দেন নীলফামারী উত্তরা ইপিজেডের বিভিন্ন কারখানার শ্রমিকেরা।
গত ২ সেপ্টেম্বর উত্তরা ইপিজেডে যৌথবাহিনী কর্তৃক শ্রমিক হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এই শ্রমিক হত্যার বিচার দাবি করেন মোশরেফা মিশু।
মোশরেফা মিশু আরও বলেন, ‘ইপিজেডে শ্রমিকদের প্রতি দমন নিপীড়ন শোষণ নারী নির্যাতন, যখন তখন ছাঁটাইসহ শ্রমিক স্বার্থবিরোধী কর্ম পরিবেশ বিরাজ করছে। এটা অত্যন্ত নিন্দনীয় ও অগ্রহণযোগ্য।’
বেপজার প্রতি শ্রমিক ভাই-বোনরা খুবই বিক্ষুব্ধ। মালিকপক্ষের সেবাদাসের ভূমিকা পরিবর্তন করার জন্য তিনি বেপজার প্রতি আহ্বান জানান।
মোশরেফা মিশু আরও বলেন, ‘ইকো ইন্টারন্যাশনালের শ্রমিক হাবিবকে (২০) যারা গুলি করে হত্যা করেছে, প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করল না বরং নামে-বেনামে শ্রমিকদের বিরুদ্ধে মামলা করেছে।’
শ্রমিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। তা না হলে শ্রমিকদের সঙ্গে নিয়ে সংগঠন মামলা প্রত্যাহারের দাবিতে আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
সম্মেলনে জয়নাল আবেদীনকে সভাপতি ও ওমর ফারুককে সাধারণ সম্পাদক নির্বাচন করে ২২ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়।


