উড্ডয়নের পরপরই ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে এয়ার অ্যাস্ট্রার একটি ফ্লাইট।
রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুপুর ১২টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছিল এয়ার অ্যাস্ট্রার এটিআর ৭২-৬০০ মডেলের উড়োজাহাজটি। উড্ডয়নের মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে উড়োজাহাজটিতে ইঞ্জিনের ত্রুটি ধরা পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাইলট তাৎক্ষণিকভাবে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন এবং নিরাপদে বিমানটি অবতরণ করাতে সক্ষম হন। উড়োজাহাজটিতে ৭০ জন যাত্রী এবং ৪ জন ক্রু সদস্য ছিলেন। তারা সবাই নিরাপদ ছিলেন।
এয়ার অ্যাস্ট্রার সহকারী মহাব্যবস্থাপক এ এফ এম রুবায়াত-উল-জান্নাত গণমাধ্যমকে বলেন, উড্ডয়নের পরপরই উড়োজাহাজটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। তাই এটি চট্টগ্রামে না গিয়ে ঢাকায় ফিরে আসে এবং নিরাপদে অবতরণ করে। পরবর্তীতে আমরা অন্য একটি উড়োজাহাজে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিয়েছি।


