কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন আ ন ম শহীদ উদ্দিন ছোটন। তিনি কুতুবদিয়া প্রেসক্লাবের সভাপতি এবং বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আ ন ম নাসির উদ্দিনের ছোট ভাই।
রোববার বড়ঘোপ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও কুতুবদিয়ার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদাত হোসেনের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন শহীদ উদ্দিন ছোটন। ওই সময় কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যথোয়াই প্রু মারমা উপস্থিত ছিলেন।
২০২১ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম। সেসময় ঘোড়া প্রতীকের প্রতিদ্বন্দ্বী প্রার্থী শহীদ উদ্দিন ছোটন দুটি কেন্দ্রে ভোট কারচুপি ও জালিয়াতির অভিযোগ এনে নির্বাচনী ট্রাইবুনালে মামলা করেন।
প্রায় সাড়ে ৩ বছর পর ভোট পুনর্গণনায় নৌকা প্রতীকের থেকে চেয়ে ১৮৯ ভোট বেশি পায় ঘোড়া প্রতীক। এরপর গত ১৪ আগস্ট নির্বাচন কমিশন ২০২১ সালের রায় বাতিল করে ছোটনকে চেয়ারম্যান ঘোষণা করে।
গত ১ সেপ্টেম্বর কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনের কার্যালয়ে চেয়ারম্যান হিসেবে শপথবাক্য পাঠ করেন শহীদ উদ্দিন ছোটন।


