অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম আসামি অভিনেত্রী ইফফাত আরা তিথি নেপাল থেকে দেশে ফিরেছেন। মঙ্গলবার (৩ মার্চ) তিনি নিজেই গণমাধ্যমের সঙ্গে কথা বলে এ তথ্য নিশ্চিত করেছেন।
দেশে ফেরার প্রসঙ্গে তিথি বলেন, অনেকে অভিযোগ করছেন যে আলভী তার স্ত্রীর শেষ দেখা দেখতে আসেননি এবং তার ‘গার্লফ্রেন্ড’কে নিয়ে নেপালে ছিলেন—এটা সম্পূর্ণ ভুল। আমি পুরো টিমের সঙ্গে গতকাল (২ মার্চ) দেশে ফিরেছি।
ইকরার মৃত্যুর দিন নিয়ে তিনি জানান, ওইদিন টিকিটের জন্য অনেক জায়গায় যোগাযোগ করা হয়েছিল, কিন্তু প্রথম দিন কোথাও টিকিট মেলেনি। পরের দিন টিকিটের ব্যবস্থা করে পুরো টিম দেশে ফিরেছে।
শোবিজ অঙ্গনে দীর্ঘদিন ধরে গুঞ্জন চলছে যে, আলভী ও তিথির মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। ইকরার মৃত্যুর পর তার ঘনিষ্ঠজনরা দাবি করেছেন, এই কথিত পরকীয়ার কারণেই ইকরা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, যা শেষ পর্যন্ত তাকে আত্মহত্যার পথে ঠেলে দিয়েছে।
এই গুঞ্জন নিয়ে তিথি সাফ জানান, আলভীর সঙ্গে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি। যেমন কোনো অফিসে দীর্ঘদিন একসঙ্গে কাজ করলে সহকর্মীর সঙ্গে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে—ঠিক তেমনই। আমি আগেও অনেক সাক্ষাৎকারে বলেছি, ইন্ডাস্ট্রিতে আলভী আমার সবচেয়ে কাছের বন্ধু।
প্রসঙ্গত, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে গলায় দড়ি দেওয়া অবস্থায় ইকরার মরদেহ উদ্ধার করা হয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে ইকরার বাবা রাজধানীর পল্লবী থানায় জাহের আলভী, তার মা এবং তিথির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।


