বিশ্ববাজারে দাম কমার পর দেশের বাজারে আবার কমেছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে কমেছে সোনার দাম ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ৩২৪ টাকা। এতে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৭০ হাজার ৪৩০ টাকায়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর এক জরুরি সভায় সোনার এ নতুন দামের কথা জানানো হয়, যা সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
এখন নতুন নির্ধারিত দাম অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৫৪ হাজার ৯৭৫ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১৮ হাজার ৫৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম কমে হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৪০১ টাকা।
পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে গয়নার বেলায় বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ মূল্য সংযোজন কর ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।
সোনার পাশাপাশি রুপার দামও কমেছে। গতকাল ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ছিল ৬ হাজার ৭০৭ টাকা। আজ ৩৫০ টাকা কমে এক ভরি রুপার দাম দাঁড়িয়েছে ৬ হাজার ৩৫৭ টাকা।


