গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও জায়ামাতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় অন্তত ১০ টি দোকানের মালামাল লুট হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।
সোমবার রাত ১০ টার দিকে উপজেলার বরিশাল ইউনিয়নের জুনদহ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সময় ঢাকা-রংপুর মহাসড়কের দুই পাশে প্রায় এক ঘন্টা যান চালাচল বন্ধ থাকে।
স্থানীয়রা জানিয়েছেন, পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ ওরফে মারো সামাদের লোকজন বরিশাল ইউনিয়ন ছাত্রশিবিরের দুই নেতাকে পুর্ব বিরোধের জের ধরে মারধর করে। এ নিয়ে মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে দুই পক্ষের নেতাকর্মীরা ধীরে ধীরে বাজারে জড়ো হতে থাকেন। সন্ধ্যার দিকে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে রাত ১০টার দিকে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিএনপি ও অঙ্গ সংগঠন এবং জায়ামাত শিবিরের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হন। এর মধ্যে উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ ওরফে মারো সামাদকে আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
এদিকে ব্যবসায়ীদের দাবি, সংঘর্ষের সময় উপজেলার জুনদহ বাজারে ১০ টি দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের শিকার হয়েছে। ক্ষতিগ্রস্থদের তালিকা করে ক্ষতিপুরণের দাবি জানিয়েছেন তারা।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারী আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


