সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক ‘অপপ্রচার ও কুৎসা রটনার’ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যা মামলার বাদী দাবি করা অজ্ঞাত এক নারীর কলরেকর্ড ছড়িয়ে পড়লে বিএনপির প্রচার সম্পাদকের সমর্থকদের মাঝে প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
নেতাকর্মীদের দাবি, সুলতান সালাউদ্দিন টুকুর বিরুদ্ধে এর আগেও স্বার্থান্বেষী মহল একাধিকবার সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও কুৎসা রটানো হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ সদর আসনে দলের মনোনয়নপ্রত্যাশী হয়ে মাঠে কাজ করায় এখন আবার এমন অপ্রপ্রচার চালানো হচ্ছে।
এ বিষয়ে এদিন রাতেই টুকু টাঙ্গাইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ডায়েরিতে বলা হয়, রোববার রাত তিনটার দিকে শহরের আকুর টাকুর পাড়ায় নিজ বাসায় থাকাকালীন সময়ে তার হোয়াটসআপ নাম্বারে একটি অডিও বার্তা আসে।
জিডিতে তিনি আরও লিখেছেন, দৈনিক বাংলা সময়ের সাংবাদিক পরিচয়ধারী জসিম হত্যার কথিত বাদিকে উদ্দেশ্যমূলকভাবে জিজ্ঞাসাবাদ করে টুকুর বিরুদ্ধে মিথ্যা তথ্য আদায় করে একটি অডিও রেকর্ড করা হয়। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া হয়। রাজনৈতিক ও সামাজিকভাবে তাকে হেয় করার উদ্দেশ্যে এটি করা হয়।
ভবিষ্যতে তথ্য উপাত্তের ভিত্তিতে এ ব্যপারে নিয়মিত মামলা করা হবে বলে সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়।


