সাভারে মার্জিনা বেগম (১৮) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পারিবারিক কলহের জেরে স্ত্রীর গলায় ওড়না পেঁচিয়ে তাকে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে।
এরইমধ্যে অভিযুক্ত স্বামী ফয়সালকে (২২) আটক করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকে নিহতের শ্বশুর ও পরিবারের অন্য সদস্যরা পলাতক রয়েছেন।
বুধবার সাভার মডেল থানা পুলিশ সাভারের উলাইল কর্ণপাড়া এলাকার মসজিদ সংলগ্ন ভাড়া বাসা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, নিহত মার্জিনা বেগম ভোলার চরফ্যাশন উপজেলার পূর্ব মাদ্রাসা এলাকার ৭ নং ওয়ার্ডে মাজহারুল ইসলামের মেয়ে। প্রায় ৫-৬ মাস আগে একই উপজেলার আমিনাবাদ রইদের হাট বাজার এলাকার তৌসির আহমেদের ছেলে ফয়সালের সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে হয়। বিয়ের পর তারা ঢাকার সাভারের উলাইল কর্ণপাড়া এলাকার একটি ভাড়া বাসায় পরিবারসহ বাস করছিলেন। ফয়সাল স্থানীয় একটি কুরিয়ার পরিবহন সংস্থায় কর্মরত ছিলেন।
নিহতের মামা মোহাম্মদ মাসুদ জানান, বিয়ের পর থেকেই তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক কলহ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত রাতে তাদের মধ্যে তীব্র বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ভোর আনুমানিক ৪টার দিকে ফয়সাল মার্জনার ওড়না দিয়ে তার গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে মার্জনার শ্বশুর ভোরে পরিবারকে ফোন করে জানান- তিনি গুরুতর অসুস্থ। খবর পেয়ে স্বজনরা দ্রুত বাসায় এসে মার্জনার গলায় আঘাতের চিহ্ন দেখতে পান।
সাভার থানার ওসি তদন্ত নুর মোহাম্মদ জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্ত স্বামী ফয়সালকে আটক করা হয়েছে।


