সাটুরিয়ায় ফসলের জমি থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

সাটুরিয়ায় ফসলের জমি থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার
মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্তে নেমেছে পিবিআই। ছবি: টাইমস
Advertisement
Advertisement

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফসলের জমি থেকে ৬০ বছর বয়সী এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীকে হত্যা করে মরদেহটি সেখানে ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ধানকোড়া ইউনিয়নের চরধানকোড়া এলাকায় কুদ্দুস মিয়ার ফসলের জমিতে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাতনামা ওই নারীর মরদেহ উদ্ধার করে। মরদেহের পেটে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখমের চিহ্ন পাওয়া যায়। মরদেহের পাশ থেকে একটি স্টিলের চাকু উদ্ধার করেছে পুলিশ।

দুর্বৃত্তরা অন্য কোথাও ওই নারীকে হত্যা করে মরদেহটি ফসলের জমিতে ফেলে রেখে যেতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে ঘটনাটি কোথায়, কীভাবে এবং কেন ঘটেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহত নারীর পরিচয়ও শনাক্ত করা সম্ভব হয়নি।

সাটুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান আসাদ জানান, নিহতের পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল ঘটনাস্থলে গিয়ে ছায়া তদন্ত শুরু করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর