আফগানিস্তানের বিপক্ষে পাঁচ উইকেটের হার দিয়ে শুরু তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ম্যাচটা তাই টিকে থাকার লড়াই মেহেদী হাসান মিরাজদের জন্য। তবে আবু ধাবিতে শনিবার সন্ধ্যায় শুরু হতে যাওয়া এই ম্যাচের মাহাত্ম্য কিংবা প্রেক্ষাপট কেবল একটা সিরিজেই সীমাবদ্ধ নেই বাংলাদেশের। ম্যাচ জিততে না পারলে সিরিজ তো হারবেনই, শংকায় পড়বে আগামী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে সরাসরি খেলা নিয়েও। কারণ ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে র্যাংকিংয়ের শীর্ষ নয়ের মধ্যে থাকতে হবে, বর্তমানে দশম অবস্থানে থাকা বাংলাদেশের।
ওয়ানডে ফরম্যাটে এই বছরের রেকর্ড একেবারেই আশাব্যঞ্জক নয় বাংলাদেশের। সর্বশেষ ১১ ম্যাচের মধ্যে জিতেছে কেবল একটিতে, চলতি বছর শ্রীলংকা সফরে। সেবার ওই এক জয়ে হোয়াইটওয়াশ এড়ায় বাংলাদেশ। এর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের সিরিজে জিততে পারেনি একটি ম্যাচও। অথচ ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশ গিয়েছিল ওয়ানডে সুপার লিগের তৃতীয় অবস্থানে থেকে।
সব মিলিয়ে টানা তৃতীয় ওয়ানডে সিরিজ হারের দুয়ারে আছে বাংলাদেশ। দুশ্চিন্তার ভাঁজ পড়ছে অধিনায়ক মিরাজের কপালেও। অবশ্য শুক্রবার জাতীয় দলের পেসার তানজিম হাসান সাকিব আগের ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে ভালোভাবে জেতার প্রত্যয় জানিয়েছেন সাংবাদিকদের কাছে।
তিনি বলেন, ‘আগের ম্যাচে যে ভুলগুলো করেছি, আমরা এগুলো নিয়ে কথা বলেছি। পরের ম্যাচে কীভাবে আরও ভালো করে খেলা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে আমাদের। এই ম্যাচটা জিততে না পারলে তো আমরা সিরিজ হেরে যাব, এই ম্যাচটা তাই খুব গুরুত্বপূর্ণ।’
তানজিমদের চিন্তা আছে র্যাংকিংয়ের সেরা নয়ে থাকা নিয়েও, ‘ওয়ানডে আমাদের সবার ফেবারিট সংস্করণ। এই জায়গায় ১০ নম্বরে থাকা গ্রহণযোগ্য নয়, আরও ওপরে থাকা উচিত। বাছাইপর্ব খেলাটা আমাদের মানায় না। বিশ্বকাপে কীভাবে সরাসরি খেলতে পারি, ওটা আমাদের মাথায় থাকা উচিত।’


