মাদারীপুর সদর উপজেলায় পুলিশের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এক কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় চার পুলিশ সদস্যসহ আরও সাতজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে মঠেরবাজারে আড়িয়াল খাঁ নদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে পথচারীও রয়েছেন, তবে তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, মঠেরবাজার এলাকায় সড়কে থাকা একটি পথচারী শিশুকে বাঁচাতে গিয়ে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারালে সেটি সড়কের পাশে উল্টে যায়। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, একটি পথচারী শিশুকে বাঁচাতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে আমাদের একজন পুলিশ কনস্টেবল নিহত এবং চার পুলিশ সদস্যসহ মোট সাতজন আহত হয়েছেন। আহতরা গুরুতর অবস্থায় থাকায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।’
তিনি আরও জানান, অন্য কোনো গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়েছিল কি না বা দুর্ঘটনার পেছনে অন্য কারণ ছিল কি না–তা তদন্ত করে দেখা হচ্ছে।


