মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে বাসিন্দাদের নিজস্ব অর্থায়নে ভাঙা কালভার্ট সংস্কার করা হচ্ছে। এতে প্রায় তিন বছর ধরে দুর্ভোগে থাকা হাজারো মানুষের চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।
শনিবার সকালে উপজেলার পূর্বচর আইরকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কের কালভার্টটিতে সংস্কারকাজ চলতে দেখা যায়।
স্থানীয়রা জানান, প্রায় তিন বছর আগে অতিরিক্ত ভারবাহী ট্রলি চলাচলের কারণে কালভার্টটির মাঝের অংশ ভেঙে যায়। উত্তর ও দক্ষিণ রমজানপুরের যোগাযোগের একমাত্র সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় প্রতিদিন প্রায় দুই হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েন। বিশেষ করে শিক্ষার্থী, গর্ভবতী নারী ও অসুস্থ রোগীরা বেশি ঝুঁকিতে ছিলেন। বিষয়টি ইউনিয়ন পরিষদকে জানানো হলেও ব্যবস্থা নেওয়া হয়নি। পরে স্থানীয় রেজাউল ফকির ও আবু সাঈদের মতো কয়েকজন সমাজসেবী নিজেদের খরচে কালভার্টটি মেরামতের উদ্যোগ নেন।
স্থানীয় বাসিন্দা রনি হাওলাদার বলেন, ‘কালভার্টটি ভেঙে যাওয়ায় শিশু, বৃদ্ধ ও নারীদের চলাচলে চরম ভোগান্তি হতো। রিকশা-ভ্যান চলত না। নিজস্ব অর্থায়নে এটি সংস্কার করে দেওয়ায় আমরা কৃতজ্ঞ।’
উদ্যোক্তা রেজাউল ফকির ও আবু সাঈদ বলেন, ‘কোনো প্রশংসার জন্য নয়, প্রতিদিন মানুষের কষ্ট দেখে বিবেকের তাড়নায় সামর্থ্য অনুযায়ী কালভার্টটি সংস্কারের উদ্যোগ নিয়েছি। সবারই উচিত সরকারের দিকে তাকিয়ে না থেকে জনকল্যাণে এগিয়ে আসা।’
পথচারী ইব্রাহীমসহ স্থানীয়রা জানান, এই মানবিক উদ্যোগ অন্যদের অনুপ্রাণিত করবে। বিত্তবানরা এভাবে এগিয়ে এলে গ্রামীণ অবকাঠামোর দ্রুত উন্নয়ন সম্ভব।


