মাইলস্টোন ট্র্যাজেডিতে হাসপাতালে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এতে এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২ জনে।
বুধবার রাত সোয়া ১২টার দিকে শিশুটির মৃত্যু হয় বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
রাত পৌনে ২টার দিকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৪৪ জনের মধ্যে আরিয়া নাশরাফ নাফি নামের ৯ বছর বয়সী শিশুটি মারা গেছে। শরীরের ৯৫ শতাংশ পোড়া ক্ষত নিয়ে ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন ছিল শিশুটি। নাফি মাইলস্টোন স্কুলের তুতীয় শ্রেণিতে পড়ত।
নাফির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, নাফির শরীরের ৯৫ শতাংশ দগ্ধ ছিল।
এর আগে মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতের সংখ্যা ছিল ৩১ জন। এ ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৬৫ জন।
আইএসপিআর জানিয়েছে, ওই দুর্ঘটনায় অন্তত ৭ জনের মরদেহ ভস্মীভূত হয়েছে। তাদের সনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে।
এ পর্যন্ত ২০ জনের মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে বলে মঙ্গলবার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান জানিয়েছেন।
সোমবার দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হলে বিপুল সংখ্যক শিশু-কিশোর শিক্ষার্থী হতাহত হয়। ওই ঘটনায় মঙ্গলবার পালন করা হয় রাষ্ট্রীয় শোক।


