টানা দু’দিন নগর জীবনে গরমে স্বস্তি এনে দিলেও জলযট-যানজটে বাড়িয়েছে দুর্ভোগ। বৃহস্পতিবার ঝিরি ঝিরি বৃষ্টি মুখর ভোরে দিন শুরু হয়েছে রাজধানীবাসীর। স্কুল-কলেজ-অফিস যাত্রায় বিড়ম্বনা যেন উপজাত ফলাফল।
এরই মধ্যে আরো ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। পাশাপাশি রয়েছে পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কাও।

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
সকালে আবহাওয়ার এক বিশেষ বুলেটিনে বলা হয়, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। এটি উত্তর দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সকাল ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
এতে আরো বলা হয়, অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের আশঙ্কা রয়েছে।
সেইসাথে ভারী বর্ষণ জনিত কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও সৃষ্টি হতে পারে অস্থায়ী জলাবদ্ধতা।
সতর্কবার্তায় আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ‘উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘণীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে।’


