বাজার মনিটরিং কার্যক্রমকে আরও কার্যকর, সমন্বিত ও প্রযুক্তিনির্ভর করার ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান। তিনি বলেন, ‘বাজার মনিটরিং কার্যক্রম বাণিজ্য মন্ত্রণালয় ও এর অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে পরিচালিত হলেও সরকারের আরও কয়েকটি মন্ত্রণালয় ও সংস্থাও এ কার্যক্রমে যুক্ত রয়েছে। তাই এটি একটি সমন্বিত দায়িত্ব, যেখানে মাঠপর্যায়ে দ্রুত উপস্থিতি, সমন্বিত উদ্যোগ এবং দায়িত্বশীলভাবে কাজ করাই সফলতার মূল ভিত্তি। তাই সংশ্লিষ্ট সব অংশীজনের মধ্যে পারস্পরিক সমন্বয়, আন্তরিক সহযোগিতা এবং টিম লিডারদের নেতৃত্ব দক্ষতা বাড়াতে হবে।’
রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘বাজার মনিটরিং’ কাজে নিয়োজিত টিম লিডারদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক কর্মশালায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বাণিজ্য সচিব বলেন, বাজার তদারকির সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান একটি অভিন্ন লক্ষ্য নিয়ে কাজ করছে। এ ক্ষেত্রে সক্ষমতার ঘাটতির চেয়ে বড় চ্যালেঞ্জ হলো কার্যকর সমন্বয়, পারস্পরিক সহযোগিতা এবং মাঠপর্যায়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা নিশ্চিত করা।
মোটিভেশন শুধু একটি ধারণা নয়; এটি বাস্তব কর্মপরিকল্পনার মাধ্যমে মাঠপর্যায়ে বাস্তবায়ন করতে হবে। অভিজ্ঞতা বিনিময় ও কার্যকর কর্মপদ্ধতির মাধ্যমে বাজার ব্যবস্থাপনাকে আরও গতিশীল করা সম্ভব বলেও উল্লেখ করেন তিনি ।
টিম লিডারদের উদ্দেশে আতাউর রহমান খান বলেন, নেতৃত্ব হতে হবে দক্ষ, সময়োপযোগী ও ফলাফলনির্ভর। মাঠপর্যায়ে যেকোনো সমন্বয়হীনতা দ্রুত সমাধান করে বাজার তদারকি কার্যক্রমকে সুশৃঙ্খলভাবে এগিয়ে নিতে হবে। পাশাপাশি প্রতিটি বিভাগের ছোট ছোট সফল উদ্যোগও সামগ্রিক বাজার ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কর্মশালায় বাণিজ্য সচিব জানান, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের পরিকল্পনা অনুযায়ী বাজার মনিটরিং ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে শিগগিরই একটি পাওয়ার অ্যাপ (Power App) উন্নয়ন, টিসিবির কার্যক্রমে এআই-ভিত্তিক (AI) মডেল প্রণয়ন এবং বিদ্যমান বাজার মনিটরিং অ্যাপকে আরও উন্নত ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে মাঠপর্যায়ে বাজার নজরদারি আরও জোরদারের ওপরও গুরুত্বারোপ করা হয়।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইআইটি) শিবির বিচিত্র বড়ুয়া এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) সেবাস্টিন রেমাসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


