পুলিশে ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদে দ্রুত নিয়োগ দেবে সরকার।
বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজকে আমরা সারা দেশের জেলা পর্যায়ের আইনশৃঙ্খলা কমিটিগুলো পুনর্গঠন করার জন্য একটা চিঠি জারি করেছি, সেটা জেলা পর্যায়ে যাবে। উপজেলা আইনশৃঙ্খলা কমিটিও পুনর্গঠন করার জন্য আমরা নির্দেশনা দিয়েছি।’
তিনি বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে আজকে পুলিশ সার্জন নিয়োগের জন্য আমরা নির্দেশ দিয়েছি। সেগুলো আগের শূন্য পদ সেটা খুব শিগগিরই নিয়োগ করা হবে। যথাযথ পরীক্ষার মধ্য দিয়ে নিয়োগ দেওয়া হবে। এর বাইরে আমরা আরও জনবল বাড়ানোর জন্য চেষ্টা করছি। আমরা অর্থ মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স পেলে খুব শিগগিরই পরিকল্পনা করব।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দ্রুততার সঙ্গে আমরা আরও ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ দেব। এর বাইরে সাব ইন্সপেক্টর এবং পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এসপি নিয়োগের আমরা উদ্যোগ নেব, সেটা পরে যথাসময় জানাব।’
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পরিকল্পনা নেওয়া ও পরিকল্পনা অনুযায়ী কাজ সম্পাদনের নির্দেশনা দেওয়া হয়েছে।
পুলিশের পোশাক পরিবর্তনের একটা দাবি ছিল, সে বিষয়ে কী সিদ্ধান্ত নিয়েছেন- জানতে চাইলে তিনি বলেন, ‘সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। যখন সিদ্ধান্ত নেব তখন আপনাদের জানিয়ে দেওয়া হবে।’


