প্রথমে ৫ দল নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর মাঠে গড়ানোর কথা থাকলেও বাড়ানো হয়েছে আরেকটি দল। ষষ্ঠ দল হিসেবে আগামী বিপিএলে থাকছে নোয়াখালী এক্সপ্রেস। বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই খবর নিশ্চিত করেছেন, বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু।
এই সংবাদ সম্মেলনে ছয় দল–রংপুর রাইডার্স, চট্টগ্রাম রয়্যালস, ঢাকা ক্যাপিটালস, নোয়াখালী এক্সপ্রেস, রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স চূড়ান্ত করার পাশাপাশি টুর্নামেন্ট শুরুর সম্ভাব্য দিনও জানিয়েছেন মিঠু। আগামী ১৯ ডিসেম্বর সিলেটে শুরু হয়ে ১৬ জানুয়ারি ঢাকায় পর্দা নামবে বিপিএলের আগামী আসরের। এর আগে ১৭ ডিসেম্বর ঢাকায় হতে পারে উদ্বোধনী অনুষ্ঠান।
এর সাথে বদলে যাচ্ছে এবারের বিপিএলের ট্রফিও। বিসিবি পরিচালক মিঠু জানান, এবারের মৌসুমের জন্য আগের ট্রফি বদলে নতুন ডিজাইনে আনা হচ্ছে বিপিএলের চ্যাম্পিয়নস ট্রফি। নতুন ট্রফির মৌসুমে ফিরতে যাচ্ছে বিপিএলের নিলামও। সর্বশেষ ২০১৩ সালে নিলাম থেকে ক্রিকেটার নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিগুলো।
আগামী ৩০ নভেম্বর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিকেল তিনটায় শুরু হবে বিপিএলের নিলাম। পাঁচ শতাধিক বিদেশি ক্রিকেটার নিলামে রেজিস্ট্রেশন করলেও সেখান থেকে বাছাই করে ২৫০ জনকে রেখেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। এর সাথে বাছাইকৃত দেশি ক্রিকেটাররা থাকছেন নিলামের ভিন্ন ক্যাটাগরিতে।
নিলামে সরাসরি চুক্তি বাদ দিয়ে প্রতি দলের বাজেট থাকবে ৪ কোটি ৫০ লাখ টাকা। সেখান থেকে কমপক্ষে ১২ জন ক্রিকেটার নিতে হবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে। সর্বোচ্চ ৫০ লাখ ও সর্বনিম্ন ১১ লাখ টাকা ভিত্তিমূল্য ধরে মোট ৬ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে দেশি ক্রিকেটারদের। আর বিদেশি ক্রিকেটারদের সর্বোচ্চ ভিত্তিমূল্য হবে ৩৫ হাজার ডলার। তাদের জন্য থাকবে পাঁচটি ক্যাটাগরি।


