বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে ভারত।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
প্রণয় ভার্মা বলেন, পারস্পরিক স্বার্থ ও সুবিধার ভিত্তিতে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক এগিয়ে নেওয়াই ভারতের লক্ষ্য।
তিনি বলেন, দুই দেশের ঐতিহাসিক সম্পর্ককে সামনে রেখে ভবিষ্যৎমুখী অংশীদারত্ব আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। উন্নয়ন, প্রযুক্তি বিনিময়, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণসহ বিভিন্ন খাতে জনমুখী সহযোগিতা বাড়ানোর বিষয়েও মতবিনিময় হয়েছে।
হাইকমিশনার আরও বলেন, ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব ক্ষেত্রে সংলাপ ও সহযোগিতা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।


