দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৯

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৯
ছবি: টাইমস
Advertisement
Advertisement

দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জনের বেশি।

সোমবার বিভিন্ন সময়ে জামালপুর, নেত্রকোনা, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ ও ময়মনসিংহে এসব দুর্ঘটনা ঘটে।

জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪

জামালপুরের লাহিড়ীকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস উল্টে ইজিবাইকের ওপর পড়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের লাহিড়ীকান্দা ঈদগাহ মাঠ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—জামালপুর সদর উপজেলার বাইটকামারী এলাকার মো. জালাল উদ্দীন (৬০), তুলসীপুর সেগুয়া এলাকার মো. মকবুল হোসেন (৬৫) এবং বাইটকামারী এলাকার সাদ্দাম হোসেন (৪০)। নিহত অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সংঘর্ষ হওয়ার উপক্রম হলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ইজিবাইকের ওপর পড়ে। এতে হতাহতের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২

আরও পড়ুন

ময়মনসিংহের ত্রিশালের বালিপাড়ায় বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। নিহত ও আহত সবাই সিএনজির যাত্রী বলে জানিয়েছে পুলিশ।

সকাল ৯টার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কের ঠাকুরবাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ জানান, বালিপাড়াগামী একটি বালুবাহী ট্রাকের সঙ্গে ত্রিশালগামী যাত্রীবাহী সিএনজির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। আহত চারজনকে প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দুর্ঘটনায় সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক ও সিএনজি জব্দ করেছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নেত্রকোনায় ট্রাকের ধাক্কায় নিহত ২

নেত্রকোনার কেন্দুয়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেন্দুয়া-নেত্রকোনা সড়কের চান্দপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের বান্দনাল গ্রামের ওয়াজিদ মিয়া (৪০) এবং আশুজিয়া ইউনিয়নের চান্দপাড়া গ্রামের লিজা আক্তার (৩৯)।

পুলিশ ও স্থানীয়রা জানান, রামপুর বাজার থেকে যাত্রী নিয়ে কেন্দুয়ার দিকে যাওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে চালক ও এক নারী যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জে ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় আসাব আলী (৫০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। দুপুর ১টার দিকে তালগাছি-মোহনপুর সড়কের ভাদালিয়াকান্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসাব আলী উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নের ভাদালিয়াকান্দী গ্রামের মৃত যাদু প্রামাণিকের ছেলে।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, সোমবার দুপুরে ভ্যান নিয়ে মোহনপুরের দিকে যাচ্ছিলেন আসাব আলী। পথে ভাদালিয়াকান্দী ব্রিজের ওপর উঠলে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় তার মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর