দেশের বাজারে সোনার দাম আবারও কমেছে। এতে ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।
বৃহস্পতিবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং-এর এক জরুরি সভায় নতুন দামের এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন দাম এদিন সকাল ১০টা থেকে সারা দেশে কার্যকর হয়েছে।
এর আগে, দুই দফা বাড়ার পর গত সোমবার দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছিল। এ নিয়ে দুই দিনে ২২ ক্যারেটের ভালো মানের সোনার দাম কমেছে ৬ হাজার ৫৯০ টাকা।
বাজুস জানিয়েছে, বিশ্ববাজারে সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভ্যাটসহ সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নির্ধারিত নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম কমে দাঁড়িয়েছে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।
বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে। সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে নতুন কোনো ভ্যাট আদায় করা যাবে না। তবে কারিগররা গয়নার ডিজাইন অনুযায়ী মজুরি রাখতে পারবেন।
চলতি বছরে দেশের বাজারে এখন পর্যন্ত ৮৮ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৩ দফা দাম বাড়ানো হয়েছে, ৪৪ দফা কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।
সোনার দামের পাশাপাশি দেশের বাজারে রূপার দামও কমেছে। নির্ধারিত নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের রুপার দাম দাঁড়িয়েছে ভরি প্রতি ৪ হাজার ৬০৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম দাঁড়িয়েছে ২ হাজার ৮৫৮ টাকায়।


