জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনের অধ্যাদেশ বাতিলের দাবিতে টানা তৃতীয় দিনের মতো কলম বিরতি পালন করছেন কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
শনিবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন তারা।
রাজধানীসহ সারাদেশে সদ্য বিলুপ্ত এনবিআরের অধীনের সব অফিসে কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। তবে আন্তর্জাতিক যাত্রীসেবা, রপ্তানি ও জাতীয় বাজেট প্রণয়ন—এই তিনটি খাত ধর্মঘটের বাইরে রয়েছে।
এরআগে, ১৩ মে মধ্যরাতে বিলুপ্ত করা হয় রাজস্ব আদায়কারী সরকারি প্রতিষ্ঠান জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর পরিবর্তে গঠিত হয়েছে দুটি নতুন বিভাগ—রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব প্রশাসন বিভাগ।
ওইদিন রাতে জারি করা হয়, বহুল আলোচিত ‘রাজস্ব নীতি ও রাজস্ব প্রশাসন অধ্যাদেশ’। এতে বলা হয়েছে, ‘রাজস্ব নীতি বিভাগ’ কর আইনের বাস্তবায়ন এবং রাজস্ব আহরণের ধারা পর্যবেক্ষণ করবে। অন্যদিকে মূল রাজস্ব সংগ্রহের কাজ পরিচালনা করবে ‘রাজস্ব প্রশাসন বিভাগ’। এই বিভাগে প্রশাসন ক্যাডার এবং আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তারা উভয়েই থাকবেন।
অধ্যাদেশে রাজস্ব নীতি বিভাগের কার্যপরিধিতে কিছু সামান্য পরিবর্তন আনা হয়।
বিসিএস (আয়কর ও কাস্টমস) ক্যাডারের কর্মকর্তাদের আপত্তি উপেক্ষা করেই বাস্তবায়ন করা হয় ওই অধ্যাদেশ। এনবিআর ভেঙে দুই ভাগ করার সিদ্ধান্তটি দীর্ঘদিন ধরেই কর্মকর্তাদের বিরোধিতার মুখে ছিল।


