জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এলপিজি ও গ্যাস অয়েল নিয়ে চট্টগ্রাম উপকূলে এসেছে দুটি জাহাজ। আগামী কয়েকদিনে আরও চারটি জাহাজ নোঙর করবে। চট্টগ্রাম বন্দরের সামুদ্রিক বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।
বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আগত জাহাজগুলোর মধ্যে তিনটি এলএনজি ক্যারিয়ার, দুটি গ্যাস অয়েল ক্যারিয়ার এবং একটি এলপিজি ক্যারিয়ার রয়েছে। এরই মধ্যে ওমান থেকে আসা এলপিজি বহনকারী জাহাজ ‘বিডব্লিউইকে বর্নহোলম’ গত ২৫ মার্চ চট্টগ্রাম বন্দরের সীতাকুণ্ড এলাকায় নোঙর করেছে। অন্যদিকে সিঙ্গাপুর থেকে আসা গ্যাস অয়েলবাহী জাহাজ ‘গ্র্যান কুভা’ ২৬ মার্চ কুতুবদিয়া এলাকায় পৌঁছেছে।
আগামী কয়েক দিনের সূচি অনুযায়ী, অস্ট্রেলিয়া থেকে এলএনজি নিয়ে ‘এইচএল পাফিন’ নামের একটি জাহাজ ২৬ মার্চ বাংলাদেশ উপকূলে পৌঁছানোর কথা রয়েছে। ইন্দোনেশিয়া থেকে আসা এলএনজিবাহী অপর জাহাজ ‘নিউ ব্রেভ’ ২৭ মার্চ শুক্রবার আসবে বলে আশা করা হচ্ছে। এ ছাড়া মালয়েশিয়া থেকে গ্যাস অয়েল নিয়ে ‘পিভিটি সোলানা’ আগামী ৩১ মার্চ পৌঁছাবে। আগামী ৪ এপ্রিল উপকূলে নোঙর করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এলএনজিবাহী জাহাজ ‘সেলসিয়াস গ্যালাপাগোস’।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামীম ‘টাইমস অব বাংলাদেশ’কে জানান, প্রতিটি জাহাজ ঠিক কী পরিমাণ এলএনজি, এলপিজি বা গ্যাস অয়েল বহন করছে, তা কেবল বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বলতে পারবে।


