চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়ায় বুদ্ধি প্রতিবন্ধী ১৯ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে মো. মুকুল (৬২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
রোববার বিকাল ৪টার দিকে আলোকদিয়া রোমিলা স্কুলের পেছনে একটি পানের বরজে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার মুকুল চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই তরুণীকে পানের বরজে নিয়ে ধর্ষণ করার সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে মুকুলকে ঘটনাস্থল থেকে আটক করেন। পরে তাকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ঘটনার পর ভুক্তভোগী তরুণীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ রহমান জানান, ধর্ষণের অভিযোগে মুকুলকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


