ক্লাসরুম ছেড়ে শিক্ষকদের আন্দোলনে শিক্ষামন্ত্রীর ‘না’

ক্লাসরুম ছেড়ে শিক্ষকদের আন্দোলনে শিক্ষামন্ত্রীর ‘না’
শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ক্লাসরুম ছেড়ে যখন-তখন আন্দোলনে নামার বিষয়ে শিক্ষকদের নিরুৎসাহিত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা শিক্ষকতা করবেন, ক্লাস রুম ছেড়ে আন্দোলন করবেন- এটা তো হতে পারে না। আপনাদের দাবি-দাওয়া থাকতেই পারে। দাবিগুলো যেভাবে আসার কথা সেভাবে আসবে, আমরা সেগুলো অ্যাড্রেস করব।’

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আশা করেন, শিক্ষকরা সরকারের বার্তা পেয়েছেন এবং সে অনুযায়ী কাজ করবেন। একইসঙ্গে শিক্ষকদের জন্য ন্যায্য সুযোগ সুবিধা নিশ্চিতের বিষয়গুলো করতে সরকার সবসময় অগ্রাধিকারের দৃষ্টিতে দেখবে বলেও জানান তিনি।

বিশেষ করে মাসের শুরুতে এমপিওভূক্ত শিক্ষকদের বেতন নিশ্চিত করা এবং তাদের বদলি চালু করার বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন নবনিযুক্ত শিক্ষামন্ত্রী।

আরও পড়ুন

এহছানুল হক মিলন বলেন, ‘মাসের ১০ তারিখের মধ্যে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিশ্চিত করতে সরকার ব্যবস্থা নেবে। শিক্ষকদের বেতনের বিষয়টি পর্যবেক্ষণ করা হবে এবং বেতন হতে দেরি হলে তা দ্রুত করার ব্যবস্থা নেওয়া হবে। তবে কোনো মাসে বেতন দেরী হওয়ার পেছনে যদি বিশেষ কোনো কারণ থেকে থাকে, সেটি খতিয়ে দেখা হবে।’

এছাড়াও এমপিওভুক্ত শিক্ষকদের বদলির প্রক্রিয়া যত তাড়াতাড়ি সম্ভব চালু করা হবে বলেও জানান নতুন শিক্ষামন্ত্রী।

বিএনপির ইশতেহারে একটি স্থায়ী শিক্ষা কমিশন গঠন করার কথা বলা হয়েছিল। সাংবাদিকরা তার অগ্রগতি জানতে চাইলে মন্ত্রী জবাবে বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে স্থায়ী শিক্ষা কমিশন গঠনের বিষয়টি জানানো হবে।’

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন নতুন সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিনি শিক্ষাখাতে সংস্কারের ১২টি অগ্রাধিকারমূলক এজেন্ডা তুলে ধরেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর