নির্বাচনি রোডম্যাপ ঘোষণার দাবি থাকলেও ‘কেবল ভোট আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়নি’ বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সাংবাদিকদের তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে ভোটের সম্ভাব্য সময় বলেছেন। এই সময়ের একদিনও এদিক-সেদিক হওয়ার সুযোগ নেই।’
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জনের প্রসঙ্গে তিনি জানান, উপদেষ্টা পরিষদের সাম্প্রতিক বৈঠকে এ বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘আমাদের তিনটি মূল দায়িত্ব—সংস্কার, বিচার এবং নির্বাচন। শুধু নির্বাচন নয়, সব দায়িত্ব পালনের চেষ্টা করছি।’
তিনি স্বীকার করেন, দায়িত্ব পালনে নানা প্রতিবন্ধকতা দেখা দিচ্ছে।
‘আমরা ভাবছি—আমরা কি আদৌ পারছি? এই প্রতিবন্ধকতা কীভাবে মোকাবেলা করব? পারলে কিভাবে করব, না পারলে করণীয় কী হবে—এসব নিয়ে আলোচনা চলছে’, বলেন রিজওয়ানা।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই সংস্কার কাজ শুরু হয়েছে, তবে নানা বাধার মুখে পড়তে হচ্ছে। যার যেমন দাবি, তা নিয়ে রাস্তায় বসে পড়ছে। শহর অচল হয়ে যাচ্ছে। সেই অচলাবস্থা আমরা কতটা নিরসন করতে পারছি, সেটাও ভাবনার বিষয়।’
তিনি আরও বলেন, ‘আমরা ক্ষমতায় আসিনি, দায়িত্ব নিয়েছি। এই দায়িত্ব পালন সকলের সহযোগিতা ছাড়া সম্ভব নয়।’


