কূটনীতিকদের প্রতি সিইসি: ‘ভোট হবে স্বচ্ছ ও অবাধ’

কূটনীতিকদের প্রতি সিইসি: ‘ভোট হবে স্বচ্ছ ও অবাধ’
কূটনীতিকদের সাথে ইসির মতবিনিময়। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

তিনি বলেন, একটি শান্তিপূর্ণ ও ভীতিহীন পরিবেশে ভোটাররা যেন কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করে নিরাপদে বাড়ি ফিরতে পারেন, সে জন্য সর্বোচ্চ চেষ্টা করবে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি। আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি জানাতে ইসি এই মতবিনিময় আয়োজন করে।

সিইসি বলেন, “কমিশন তার সামগ্রিক নিরাপত্তা পরিকল্পনা বিদেশি প্রতিনিধিদের সামনে তুলে ধরেছে। নির্বাচনে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনীসহ বিজিবি, র‍্যাব, আনসার ও পুলিশের বিপুলসংখ্যক সদস্য মোতায়েন থাকবেন। আমরা একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে চাই।”

কূটনীতিকদের প্রশ্ন সম্পর্কে তিনি জানান, কূটনীতিকরা মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন এবং পোস্টাল ব্যালট প্রক্রিয়াসহ বিভিন্ন কারিগরি বিষয়ে জানতে চেয়েছেন। তবে তাদের পক্ষ থেকে কোনো বিশেষ পরামর্শ দেওয়া হয়নি।

আরও পড়ুন

সিইসি বলেন, বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে নির্বাচনের প্রস্তুতিতে কী কী পদক্ষেপ নিয়েছে, তা স্বচ্ছতার সঙ্গে কূটনীতিকদের জানানো হয়েছে।

তিনি বলেন, “আমরা একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন চাই যেখানে কোনো লুকোচুরি নেই। আমাদের প্রস্তুতি দেখে তারা খুশি এবং আস্থাশীল যে, এই কমিশন একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবে।”

কোনো কোনো রাজনৈতিক দল নির্বাচনে থাকছে না—এমন বিষয়ে কূটনীতিকদের কোনো প্রশ্ন ছিল কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, তারা এ ধরনের কোনো প্রশ্ন করেননি।

ইসি সূত্রে জানা গেছে, মতবিনিময় অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা মূলত নির্বাচনের কর্মপরিকল্পনা এবং ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়ে ইসির রোডম্যাপ সম্পর্কে ধারণা নেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর