কুমিল্লা নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিয়েছে সিটি করপোরেশন। বর্তমানে প্রায় ৪৮ হাজার অটোরিকশা চললেও এখন থেকে সর্বোচ্চ ১০ হাজার গাড়ি অনুমতি পাবে।
বৃহস্পতিবার দুপুরে এক মতবিনিময় সভায় এই ঘোষণা দেন সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
প্রশাসক বলেন, ‘আগামী সপ্তাহ থেকে নিবন্ধন শুরু হবে। নিবন্ধিত অটোরিকশায় চীন থেকে আনা বিশেষ লাইসেন্স প্লেট থাকবে। আট ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য থাকায় এই প্লেট জালিয়াতির সুযোগ নেই।’
তিনি আরও বলেন, ‘ভুয়া লাইসেন্স প্লেট ব্যবহার করলে মোবাইল কোর্টের মাধ্যমে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
প্রশাসক জানান, অতিরিক্ত অটোরিকশার কারণে নগরীতে যানজট ও দুর্ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। বেপরোয়া গতির কারণে প্রতিদিন মানুষ আহত ও পঙ্গু হচ্ছে, ঘটছে প্রাণহানিও। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে অটোরিকশা সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজনৈতিক চাপ প্রসঙ্গে ইউসুফ মোল্লা টিপু বলেন, ‘কোনো চাপ নেই। রাজনীতি সাধারণ মানুষের কল্যাণের জন্য। এর সঙ্গে নগরবাসীর হাঁটার অভ্যাসও গড়ে তোলা প্রয়োজন।’
সভায় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা মো. মামুন ও নির্বাহী প্রকৌশলী আবু সায়েম ভূঁইয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।


