কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে আসা এক ব্যক্তির অর্ধগলিত ও বিকৃত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে মরদেহটির পরিচয় জানা যায়নি।
এর আগে টেকনাফ ও সেন্টমার্টিন দ্বীপের সমুদ্র উপকূলেও তিন ব্যক্তির মরদেহ ভেসে আসে। এ নিয়ে গত দুইদিনে কক্সবাজারের বিভিন্ন সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত তিন নারীসহ চারজনের মরদেহ উদ্ধার হলো।
স্থানীয়রা ধারণা করছেন, মরদেহগুলো মিয়ানমারে চলমান সংঘাতের সঙ্গে সংশ্লিষ্ট নিহত ব্যক্তিদের হতে পারে।
কক্সবাজার সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘রাতে সুগন্ধা পয়েন্টে সৈকতে জোয়ারের পানির সাথে ভেসে আসা একটি মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়র পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত অবস্থায় পড়ে থাকা মরদেহটি উদ্ধার করে।’
‘মৃতদেহটি পঁচে গলে দুর্গন্ধ ছড়াচ্ছে। শরীরের বিভিন্ন অংশে হাড় থেকে মাংস খসে পড়েছে। মুখমন্ডলও বিকৃত হওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে শরীরের অবয়ব ও পোষাকের ধরণ দেখে পুরুষের বলে শনাক্ত করতে সক্ষম হয়েছি। ধারণা করা হচ্ছে, অন্তত সপ্তাহখানেক আগে লোকটির মৃত্যু হয়েছে। মরদেহর পরিচয় শনাক্তে পুলিশ খোঁজ খবর নিচ্ছে।’
ওসি শেখ মোহাম্মদ আলী জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
উল্লেখ্য এর আগে, বুধবার সকালে টেকনাফ সেন্টমার্টিন সাগরে একজন, শাহপরীর দ্বীপে একজন ও একইদিন বিকালে সদর ইউনিয়নের রাজারছড়া উপকূলে একজনসহ অজ্ঞাত পরিচয়ে তিন নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।


