রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের এক মামলায় সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আদালত।
সোমবার পুলিশ পরিদর্শক আখতার মোরশেদের আবেদনে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন। ভিন্ন একটি মামলায় বর্তমানে কারাগারে আছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ।
শাহবাগ থানার পুলিশ পরিদর্শক আখতার মোরশেদ তার আবেদনে জানান, গত বছর ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘মঞ্চ ৭১’ নামের একটি সংগঠন গোলটেবিল বৈঠক আয়োজন করে। এ বৈঠকে উপস্থিত ব্যক্তিরা দেশকে অস্থিতিশীল ও অন্তর্বর্তী সরকার উৎখাতের উদ্দেশ্যে উসকানিমূলক বক্তব্য প্রদান ও ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। এঘটনার সাথে শওকত মাহমুদ জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এজন্য এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো দরকার।
পুলিশ পরিদর্শকের এ আবেদন মঞ্জুর করে শওকত মাহমুদকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেয় আদালত।


