হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে দুই নারী বিমানযাত্রীকে ইয়াবাসহ আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। মঙ্গলবার দুপুরে কক্সবাজার থেকে বাংলাদেশ বিমানের বিএস-১৪৬ ফ্লাইটে ঢাকায় পৌঁছালে তাদেরকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন রোজিনা (৪০) ও তার মেয়ে ফাহমিদা ইয়াসমিন (২০)। এপিবিএন অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, তারা দীর্ঘদিন ধরে মাদক বিক্রয় ও পরিবহনের সঙ্গে জড়িত বলে তথ্য পাওয়া গেছে।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১টা ৩৫ মিনিটে তাদের আটক করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, ট্রলি ব্যাগের হাতলের ভেতরে এবং নিজেদের দেহে ইয়াবা বহন করছিলেন।
তাদের দেওয়া তথ্য অনুযায়ী ব্যাগ তল্লাশি চালিয়ে ট্রলি ব্যাগের হাতলের স্টিলের ভেতর থেকে ৫ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়। পরে নারী পুলিশ সদস্যদের উপস্থিতিতে রোজিনার পরা পোশাকের ভেতর থেকে আরও ১ হাজার ৭৮০ পিস ইয়াবা পাওয়া যায়।
মোজাম্মেল হক বলেন, ‘বিমানযাত্রী বেশে ইয়াবা চোরাচালান সাম্প্রতিক সময়ে বেড়েছে। আমরা বিমানবন্দর ব্যবহার করে সব ধরনের অপরাধ দমনে সবসময়ই তৎপর আছি।’


