ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অনুষ্ঠিত হতে যাওয়া ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের নির্দেশনা চেয়ে দায়ের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
বৃহস্পতিবার এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে বিচারপতি রাজিক-আল-জলিল এবং বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী নাজমুস সাকিব। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।
এই রিটটি খারিজ হয়ে যাওয়ার ফলে শুক্রবার বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হতে আর কোনো বাধা নেই বলে সাংবাদিকদের জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।
এর আগে বুধবার আইনজীবী নাজমুস সাকিব জানিয়েছিলেন, জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
সরকারি কর্মকম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গত বছরের ২৬ নভেম্বর পিএসসির ওয়েবসাইটে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ৪ ডিসেম্বর আবেদন শুরু হয়ে, ৩১ ডিসেম্বর শেষ হয়।


