এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীরা ফল প্রকাশের এক মাসের মধ্যেই পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন। এক্ষেত্রে তারা কেবল অকৃতকার্য বিষয়গুলোতে আবার পরীক্ষা দিতে পারবেন। এবারে এক ও দুই বিষয়ে ফেল করা ৪ লাখ ২২ হাজার ৯০৫ পরীক্ষার্থী এ সুযোগ পেতে যাচ্ছেন।
শনিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধনের সময় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এসব তথ্য জানান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রচলিত নিয়ম অনুযায়ী এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় কোনো শিক্ষার্থী এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে পরবর্তী বছর আবার পরীক্ষায় অংশ নিতে হয়। সে ক্ষেত্রে শুধু অকৃতকার্য বিষয়গুলোতে অথবা ইচ্ছা করলে সব বিষয়েই পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে।
তবে নতুন এই উদ্যোগের ফলে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের আর পুরো এক বছর অপেক্ষা করতে হবে না। মাত্র এক মাসের মধ্যেই পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন তারা। এতে শিক্ষার্থীদের মূল্যবান সময় সাশ্রয়ের পাশাপাশি শিক্ষাজীবনে পিছিয়ে পড়ার আশঙ্কা এবং দীর্ঘ অপেক্ষাজনিত মানসিক চাপও অনেকটা কমবে বলে আশা করা হচ্ছে।


