সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এরমধ্যে সন্দেহজনক হামজনিত মৃত্যু হয়েছে ছয় শিশুর এবং নিশ্চিত হামজনিত মৃত্যু হয়েছে এক শিশুর।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের প্রকাশিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এ মৃত্যুর ঘটনা ঘটে।
এই সময়ে ১ হাজার ৩৬৩ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে নতুন করে ১৫৫ জনের হাম শনাক্ত নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার ৪১৯ জনে। এ ছাড়া ৭ হাজার ৩০৫ জনের হাম নিশ্চিত হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯ হাজার ১৬০ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৪ হাজার ৯৬৮ জন।
এ পর্যন্ত সন্দেহজনক হামজনিত মোট মৃত্যুর সংখ্যা ৩৬৯ জন এবং নিশ্চিত হামজনিত মৃত্যু হয়েছে ৭০ জনের। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগেই চারজন সন্দেহজনক হামজনিত মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে।
বিভাগভিত্তিক তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫৮৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রামে ২৭৩ জন এবং রাজশাহীতে ১৫৯ জন রোগী শনাক্ত হয়। একই সময়ে ঢাকা বিভাগে ১৩২ জনের হাম নিশ্চিত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় ৫ এপ্রিল থেকে এখন পর্যন্ত সারা দেশে ১ কোটি ৮১ লাখ ৪০ হাজার ৩৯৯ জনকে টিকা দেওয়া হয়েছে। জাতীয় পর্যায়ে টিকাদান কাভারেজ দাঁড়িয়েছে ১০১ শতাংশে। বিভাগগুলোর মধ্যে চট্টগ্রাম, রাজশাহী ও রংপুর বিভাগে কভারেজ ১০২ শতাংশে পৌঁছেছে।
সিটি করপোরেশন এলাকাগুলোর মধ্যে গাজীপুর সিটি করপোরেশনে সর্বোচ্চ ১০৮ শতাংশ কভারেজ অর্জিত হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনে কভারেজ ১০৪ শতাংশ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনে ৯৬ শতাংশ।


