জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে যশোরে দুই মাসব্যাপী ‘গ্রীন স্কুল ক্যাম্পেইন ও বনায়ন কর্মসূচি’শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন নবচেতনা অ্যাকশন ফর চেঞ্জ।
এ কর্মসূচির অংশ হিসেবে বুধবার যশোর সদর উপজেলার বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে বনায়নের গুরুত্ব, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে একটি সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করে নবচেতনা অ্যাকশন ফর চেঞ্জ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবচেতনা অ্যাকশন ফর চেঞ্জের প্রতিষ্ঠাতা তুষার চক্রবর্তী, পরিবেশ অধিদপ্তর যশোরের উপপরিচালক মোহাম্মদ আতাউর রহমান, যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম শরিফুল আনাম আজাদ, নবচেতনার সাবেক সভাপতি মনিরুজ্জামান মুনির এবং সংগঠনের প্রধান সমন্বয়কারী মিলন শেখ।
নবচেতনা অ্যাকশন ফর চেঞ্জের পক্ষ থেকে জানানো হয়, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গত ৫ জুন শুরু হওয়া এ কর্মসূচি জুলাই মাসের শেষ পর্যন্ত যশোর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে পরিচালিত হবে।


