সাতক্ষীরার তালায় যাত্রীবাহী বাসচাপায় কুশল রায় সরদার (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার বাবা গুরুতর আহত হয়েছেন।
বুধবার সকাল ৯টার দিকে খুলনা-পাইকগাছা মহাসড়কের শাহপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কুশল তালা ব্রজেন দে সরকারি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে তালা উপজেলার নলতা গ্রামের বাসিন্দা ও রথখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কানাই লাল সরদারের ছেলে। চাকরির সুবাদে কুশলের বাবা-মা চুকনগরে বসবাস করেন। তারা উভয়েই শিক্ষকতা পেশায় নিয়োজিত।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাইকগাছা থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস বৃষ্টির মধ্যে শাহপুর বাজার এলাকায় পৌঁছায়। এ সময় বাসটি চুকনগর থেকে তালাগামী একটি মোটরসাইকেলকে চাপা দিলে আরোহী কুশল নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর আহত হন তার বাবা কানাই লাল সরদার।
ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে আহত কানাই লালকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
তালা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাখাওয়াত হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি জব্দ করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে।


