টানা তৃতীয় দিনের মতো মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।
সোমবার সকালে মিরপুর-২ নম্বর এলাকায় ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের এ সংঘর্ষ হয়।
মিরপুর থানার ওসি হাফিজুর রহমান বলেন, শ্রমিকেরা রাস্তা অবরোধ করতে এসেছিলেন। পুলিশ তাদের সরিয়ে দিয়েছে।
এর আগে সকাল সোয়া ৯টার দিকে মিরপুর-১০ এলাকায় শ্রমিকেরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। এ সময় শ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপের জবাবে পুলিশ টিয়ারশেল ছোড়ে। একপর্যায়ে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান।
যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সকাল থেকেই মিরপুর ১০ নম্বরের গোলচত্বরে পুলিশের ব্যাপক প্রস্তুতি দেখা যায়।

এদিকে সকাল ১০টার দিকে সচিবালয়ে দাবি-দাওয়ার বিষয়ে পোশাক কারখানার মালিকদের সঙ্গে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
এর আগে ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে শনিবার ও রোববার মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আশপাশের বিভিন্ন তৈরি পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক।
রোববার সকালে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। একপর্যায়ে মিরপুর ১১ নম্বর মেট্রো স্টেশনের নিচে পুলিশের গাড়িতে আগুন দেন উত্তেজিত শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালালে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
অন্যদিকে রোববার সকাল ১১টার দিকে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে কারখানা মালিক, শ্রমিক ও নিরপেক্ষ প্রতিনিধিদের সমন্বয়ে নতুন মজুরি বোর্ড গঠন করেছে সরকার। রোববারই এ বিষয়ে আলাদা দুটি প্রজ্ঞাপন জারি করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
শ্রম আইন অনুযায়ী ছয় সদস্যবিশিষ্ট এ বোর্ড গঠন করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, গার্মেন্টস শিল্প খাতে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এবিএম সামছুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতারকে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্য প্রজ্ঞাপনে নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম-মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে নিয়োগ দেওয়া হয়েছে।


