পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় খুশি রানী (৮) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার রাত ৮টার দিকে বোদা-পঞ্চগড় মহাসড়কের ময়দানদিঘী হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা শিশুটির বাবা ও মা গুরুতর আহত হয়েছেন।
নিহত খুশি রানী উপজেলার মাড়েয়া ইউনিয়নের বান্দেরপাড় গ্রামের কুকিল চন্দ্রের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে কুকিল চন্দ্র স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে পঞ্চগড় থেকে বাড়ি ফিরছিলেন। পথে ময়দানদিঘী হাইওয়ে থানার সামনে পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক্টর তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে খুশি রানী ছিটকে পড়ে ট্রাক্টরের চাকার নিচে পিষ্ট হয়।
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা কুকিল চন্দ্র বলেন, বাড়ি ফেরার পথে পেছন থেকে আসা ট্রাক্টরের ধাক্কায় মুহূর্তের মধ্যে তার মেয়ে ট্রাক্টরের নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলেই গুরুতর আহত হয়।
ময়দানদিঘী হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। পুলিশ দুর্ঘটনায় জড়িত ট্রাক্টরটি জব্দ করেছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

