চুয়াডাঙ্গার দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মো. মামুন অর রশিদ (৪৫) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার কালিয়া বকরি গ্রামে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কালিয়া বকরি গ্রামের মুরাদ আলীর ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, মামুন আওয়ামী লীগের সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য। দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন জানান, তার (মামুন) বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে।
বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়। তিনি আরও জানান, মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং চোরাকারবারি, মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ব্যক্তি, দস্যুতা, ছিনতাই ও ডাকাতির ঘটনায় জড়িত ব্যক্তি এবং অবৈধ অস্ত্রধারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


