চুয়াডাঙ্গায় শক্তিশালী সাতটি ল্যান্ডমাইন (বোমা) নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট। প্রায় এক মাস আগে ভূট্টার জমিতে সেচ নালা তৈরির সময় কোদালের সঙ্গে ওই ল্যান্ডমাইনগুলো উঠে আসে।
শনিবার দুপুরে চুয়াডাঙ্গার মাখালডাঙ্গা গ্রামের স্কুলপাড়া মাঠে সেনাবাহিনীর ৫৫ রেজিমেন্ট যশোর ইউনিটের সদস্যরা এ ল্যান্ডমাইন গুলো নিষ্ক্রিয় করেন। কম্পন আর বিকট শব্দে ল্যান্ডমাইনগুলো নিরাপদে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়। এ সময় কালো ধোয়ায় ঢেকে যায় পুরো আকাশ। বিস্ফোরণের সময় জমিতে গভীর গর্ত তৈরি হয়। স্থানীয়দের ঘটনাস্থল থেকে নিরাপদ দুরত্বে সরিয়ে নেওয়া হয়।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, চুয়াডাঙ্গা সদর উপজেলার দিননাথপুর গ্রামের কৃষক হযরত আলীর মাখালডাঙ্গা গ্রামের স্কুলপাড়া মাঠে চাষের জমি রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি তিনি জমিতে সেচ দেওয়ার জন্য মাঠে নালা (ক্যানাল) তৈরির জন্য কোদাল দিয়ে খুড়ছিলেন। এ সময় কোদালের কোপের সাথে উঠে আসে তিনটি শক্তিশালী ল্যান্ডমাইন বোমা। বিষয়টি পুলিশকে জানানো হলে তারা পুরো এলাকা নিরাপত্তার স্বার্থে ঘিরে রাখে।
পরে বিষয়টি সেনাবাহিনীকে জানানো হয় এবং শনিবার সকালে যশোর সেনাবাহিনীর ১৫ সদস্যর বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে আসে। ক্যাপ্টেন রিফাতুল ইসলামের নেতৃত্বে একই জায়গা থেকে আরও চারটি ল্যান্ডমাইন উদ্ধার করা হয়।
বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা প্রথমে চারটি ও পরে তিনটি ল্যান্ডমাইন নিস্ক্রিয় করেন।


